নিজ সংবাদ:
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি যদি জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা না করে, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসনের ঝুঁকি তৈরি হবে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং গণভোটে দেওয়া রায় বাস্তবায়নে পিছিয়ে গেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের আগে বিএনপি জুলাই জাতীয় সনদের পক্ষে থাকলেও ক্ষমতায় এসে অবস্থান পরিবর্তন করেছে। তিনি প্রশ্ন রাখেন, “যদি জুলাই সনদ বাস্তবায়নের ইচ্ছাই না থাকে, তাহলে গণভোট কেন অনুষ্ঠিত হলো?” তার দাবি, বিএনপি সংবিধান সংশোধনের কথা বললেও প্রকৃত সংস্কার বাস্তবায়নে আগ্রহী নয়।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির কারণেই স্থানীয় সরকার নির্বাচন সময়মতো হয়নি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোকজন বসানো হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং সংবিধান সংস্কার কমিশনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও সরকার উদ্যোগ নেয়নি বলে দাবি করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের লক্ষ্য ছিল একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি জনগণকে বিভক্ত করে দেশকে অস্থিতিশীল করার পথে হাঁটছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
সেমিনারে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
