বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ইউনেস্কোর আগ্রহ

নিজ সংবাদ:

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে ইউনেস্কো। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ।

তার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাক্ষাতে সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং পুলিশের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া বৈঠকে বাংলাদেশ পুলিশের সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং সাইবার নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আইজিপি ইউনেস্কোর এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক অগ্রগতি সম্ভব।