বন্ধ কলকারখানা চালুতে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত উদ্যোগের নির্দেশ

নিজ সংবাদ:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা পুনরায় চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র জানায়, বৈঠকে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত চালুর উপায়, বিনিয়োগ আকর্ষণ এবং শ্রমিকদের পুনর্বাসনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সরকার এ খাতে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী বলে জানানো হয়েছে।

এর আগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালু করতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে শিগগিরই দৃশ্যমান অগ্রগতি আসবে। বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিল্পখাতে গতি ফিরবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।