বিসিবির টয়লেটে দুর্নীতি নিয়ে তামিমের ক্ষোভ

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এবার তিনি সরাসরি দুর্নীতির অভিযোগ তুললেন পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায়, বিশেষ করে নারী পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক নিয়ে।

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম জানান, বিসিবি থেকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রতিদিন ৬৫০ টাকা বরাদ্দ দেওয়া হলেও তারা হাতে পাচ্ছেন মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নিম্ন আয়ের এই শ্রমিকদের বেতন থেকেও অর্থ আত্মসাৎ করা ‘জঘন্য’ এবং অগ্রহণযোগ্য।

তিনি আরও জানান, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এর টয়লেট ব্যবস্থার দীর্ঘদিনের অবহেলাও তার নজরে এসেছে। ২০০৭ সালে স্টেডিয়াম চালুর পর থেকে বাথরুমে কোনো উল্লেখযোগ্য সংস্কার হয়নি বলে জানান তিনি। এক নারী পরিচ্ছন্নতাকর্মীর বক্তব্য তুলে ধরে তামিম বলেন, তারা প্রতিদিন মাত্র ৩০০ টাকা পান, যা দিয়ে জীবনযাপন কঠিন। বিদেশি দর্শনার্থীর কাছ থেকেও ওয়াশরুম নিয়ে অভিযোগ শুনেছেন তিনি। এক ফিনল্যান্ডের নারী দর্শক সরাসরি তাকে এই সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন, যা তাকে বিব্রত করেছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তামিম। তিনি নির্দেশ দিয়েছেন, পরিচ্ছন্নতাকর্মীদের ন্যায্য পারিশ্রমিক তার সামনে প্রদান করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চুক্তি বাতিল ও ভবিষ্যতে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি। বিসিবিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তামিম।