শ্রমিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, সমান মজুরি নিশ্চিতে জোর: প্রধানমন্ত্রী

নিজ সংবাদ:

মহান মে দিবস উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি জানান, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে এবং সংস্থাটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, গত ঈদুল ফিতরে শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য সুবিধা সময়মতো পরিশোধ নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মে দিবসের এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রমজীবী মানুষের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি।

এছাড়া শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য অধিকার, কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আশাবাদও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।