নিজ সংবাদ:
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যক্রম নিয়ে সমালোচনার প্রেক্ষিতে বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, গভর্নরের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার আগে তার কাজের ফলাফল দেখা উচিত। “প্রুফ অব দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং”—উল্লেখ করে তিনি বলেন, সময়ই প্রমাণ করবে গভর্নরের যোগ্যতা ও নিরপেক্ষতা। যদি তার কাজে দলীয় প্রভাবের প্রমাণ মেলে, তখন সমালোচনা গ্রহণযোগ্য হবে।
এর আগে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’ বিরোধিতার মধ্যেই কণ্ঠভোটে পাস হয়। এ নিয়ে বিরোধী দলীয় নেতা সমালোচনা করলে অর্থমন্ত্রী জবাব দেন। তিনি দাবি করেন, অতীতেও বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায়নি। যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
অর্থমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন যে, দেশের আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না, যাতে পেশাদারিত্ব ও দক্ষতা নিশ্চিত করা যায়।