সংসদে ‘আক্রমণাত্মক আচরণ’ নিয়ে সরকারের সমালোচনা ড. তাহেরের

নিজ সংবাদ:

জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সরকারি বেঞ্চের বক্তব্য ও ভঙ্গি দেখে মনে হচ্ছে, তারাই যেন আওয়ামী লীগ আর বিরোধীরা বিএনপি-জামায়াত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

ড. তাহের অভিযোগ করেন, সংসদে বিরোধী সদস্যদের ‘রাজাকার-আলবদর’ বলে আখ্যা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অসংসদীয়। তিনি বলেন, অতীতের মতো কাদা ছোড়াছুড়ি বন্ধ করে গুণগত পরিবর্তনের রাজনীতি শুরু করা জরুরি।

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অহংকার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ইতিহাসে এমন উদাহরণ রয়েছে যেখানে অতিরিক্ত ক্ষমতা নেতাদের জন্য শুভ হয়নি। তাই বর্তমান সরকারকে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি।

এছাড়া, বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে জামায়াতের ভূমিকা নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি দাবি করেন, তারা শুধু বিবৃতি নয়, রাজপথে আন্দোলনও করেছে।

সংসদে বিরোধী ও সরকারি দলের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশ জাতির জন্য হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।