ভিসা নীতিতে কড়াকড়ি বাড়ালো যুক্তরাষ্ট্র, আশ্রয়প্রার্থীদের ঠেকাতে নতুন শর্ত

নিজ সংবাদ:

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আরও কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনকারীদের নিশ্চিত করতে হবে যে তারা নিজ দেশে রাজনৈতিক, জাতিগত বা ধর্মীয় নির্যাতনের শিকার নন এবং এমন আশঙ্কাও নেই। মূলত সম্ভাব্য আশ্রয়প্রার্থীদের প্রবেশ ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে পাঠানো এক কূটনৈতিক বার্তায় এ নিয়মের বিস্তারিত তুলে ধরা হয়। নতুন নীতির আওতায় পর্যটক, শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের ভিসা আবেদনে কঠোর যাচাই-বাছাই করা হবে। ইতোমধ্যে কিছু ভিসা প্রক্রিয়াও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের জিজ্ঞেস করবেন তারা নিজ দেশে কোনো নির্যাতনের শিকার হয়েছেন কি না এবং ফিরে গেলে এমন ঝুঁকি আছে কি না। ভিসা পেতে হলে উভয় প্রশ্নের উত্তরে ‘না’ বলতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এটি জাতীয় নিরাপত্তা নিশ্চিতের অংশ। তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত আশ্রয়প্রার্থীদের জন্য ঝুঁকি বাড়াবে এবং অনিরাপদ পথে অভিবাসনের প্রবণতা বাড়াতে পারে।