ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগে সাবেক এফবিআই প্রধানের আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক পরিচালক জেমস কোমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ফেডারেল আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে হাজির হন তিনি।

অভিযোগ অনুযায়ী, উত্তর ক্যারোলাইনার একটি সৈকতে শামুক-ঝিনুক দিয়ে ‘৮৬ ৪৭’ সংখ্যা তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক উইলিয়াম ফিটজপ্যাট্রিক কোনো শর্ত ছাড়াই কোমিকে আদালত ত্যাগের অনুমতি দেন। মামলার মূল ভিত্তি গত বছরের মে মাসে কোমির পোস্ট করা একটি ছবি, যেখানে বালুর ওপর ওই সংখ্যা দেখা যায়। ইংরেজি অপভাষায় ‘৮৬’ শব্দটি কোনো কিছু সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেয় এবং ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট—এ কারণেই পোস্টটিকে হুমকি হিসেবে দেখছে ট্রাম্পপন্থীরা।

তবে কোমির আইনজীবীরা এ অভিযোগকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে উল্লেখ করেছেন এবং পাল্টা আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের একাংশও মনে করছেন, এটি সরাসরি শাস্তিযোগ্য হুমকি নয়।

উল্লেখ্য, এটি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোমির বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় মামলা।