ফ্লোরিডায় নিহত পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ ৪ মে ঢাকায় আসছে

নিজ সংবাদ:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো থেকে লিমনের মরদেহ নিয়ে রওনা হবে। দুবাইয়ে ট্রানজিট শেষে ৪ মে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে, ৩০ এপ্রিল দুপুর ২টায় ফ্লোরিডার ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এলাকায় লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে লিমন ও আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। নিখোঁজের আট দিন পর ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছে, তাকেও হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।