এক সপ্তাহেই শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিজ সংবাদ:

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য জিনএক্সপার্ট কার্টিজ ও শিশুদের যক্ষ্মা প্রতিরোধের ওষুধ হস্তান্তর করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে টিকাদান কর্মসূচির আওতায় লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ অর্জিত হয়েছে এবং দ্রুতই শতভাগ কভারেজ নিশ্চিত করা সম্ভব হবে। ইতোমধ্যে অনেক উপজেলায় শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে এবং প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত ৩০টি উপজেলায় এখন হামের কোনো রোগী নেই।

তিনি বলেন, গত ছয় বছর শিশুদের হামের টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সরকার জরুরিভিত্তিতে এ কর্মসূচি চালু করেছে। আন্তর্জাতিক সহযোগিতা না থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, নির্ধারিত সময়ের আগেই গত ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু হয়েছে। দেশে ভ্যাকসিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই এবং দ্রুতই সব কেন্দ্রে সরবরাহ নিশ্চিত করা হবে।