আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার শুরুতেই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৮২টি আসনে। অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (তৃণমূল) এগিয়ে আছে ১০৯টি আসনে।
২৯৪ সদস্যের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়। সেই হিসেবে বিজেপি ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে, যা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।
এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাদের দলই সরকার গঠন করতে যাচ্ছে। তিনি বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং সেই অনুযায়ী বিজেপি নতুন সরকার গঠন করবে।
তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ফলে শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত ঘোষণার জন্য।