গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

নিজ সংবাদ:

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, গণমাধ্যম খাতে সুস্থ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে একটি স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গণমাধ্যম বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পরামর্শ কমিটি গঠন করা হবে, যার সুপারিশের ভিত্তিতে কমিশনের কাঠামো নির্ধারণ করা হবে। তিনি বলেন, “রেগুলেশন মানে নিয়ন্ত্রণ নয়; বরং এটি একটি সহায়ক কাঠামো, যেখানে সরকার ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবে।” গণমাধ্যম শিল্পে বিদ্যমান অসংগতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের টিআরপি নির্ধারণে অনিয়ম রয়েছে, যা এক ধরনের প্রতারণার শামিল। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে গণমাধ্যমকে প্রতিপক্ষ হিসেবে দেখা হলেও বর্তমান সরকার এটিকে রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি সহায়তা দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলে জানান তিনি। সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এর আগে দিবসটি উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।