নিজ সংবাদ:
গত এক বছরে দেশে ৩৮৯ জন সাংবাদিক বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার (৩ মে) ঢাকার টিআইবি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক শক্তি ও তাদের প্রতিনিধিদের মাধ্যমে এসব হয়রানির ঘটনা ঘটেছে। এছাড়া ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে অন্তত ৪ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার মধ্যে ৪৫০ জনের বেশি ছিলেন গণমাধ্যমকর্মী। এদের মধ্যে অন্তত ২৫০ জনকে তাদের পেশাগত কাজের জন্য লক্ষ্যবস্তু করা হয়।
ড. ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ভিন্নমত নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করায় এর স্বাধীনতা চাপে পড়ছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশের সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পাওলো ক্যাস্ট্রো নেইদারস্টাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এখন বৈশ্বিকভাবেই হুমকির মুখে। দমন-পীড়ন ও হামলা বাড়ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ।
ইউনেস্কোর বাংলাদেশ অফিসের ইনচার্জ সুসান ভাইজ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সাংবাদিকতার মান উন্নয়ন ও জনআস্থা পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে।