আন্তর্জাতিক ডেস্ক:
গ্রিসের একটি কারাগারে কামরান দেলোয়ার হোসেন খান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশে তার পরিবারের কোনো সদস্যের সন্ধান না পাওয়ায় স্থানীয়ভাবে দাফনের উদ্যোগ নিয়েছে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ মার্চ করিদালোজ কারাগারে মারা যান কামরান। তবে তার কাছে বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনসহ কোনো সরকারি নথি না থাকায় তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি একজন ‘আনডকুমেন্টেড’ বা নথিপত্রহীন কর্মী ছিলেন। তবে গ্রিক নথিতে তাকে বাংলাদেশি হিসেবে উল্লেখ থাকায় মানবিক বিবেচনায় দূতাবাস মরদেহটি গ্রহণ করে।
পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, কামরানের পূর্বপুরুষদের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও বর্তমানে সেখানে পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি। বিদেশে অবস্থানরত তার এক ভাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানান, বাংলাদেশে তাদের কোনো স্বজন নেই। তিনি মরদেহ দেশে না পাঠিয়ে গ্রিসেই দাফনের জন্য সম্মতি দেন।
দূতাবাস জানায়, পরিচয় নিশ্চিত না হলে সাধারণত এ ধরনের ক্ষেত্রে সরকারিভাবে পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা থাকে না। তবুও মানবিক দৃষ্টিকোণ থেকে গ্রিক কর্তৃপক্ষের সহায়তায় মুসলিম ধর্মীয় বিধান অনুযায়ী দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৭ মে দাফন সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি চলছে। পুরো বিষয়টি দূতাবাস নিবিড়ভাবে তদারকি করছে।