ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

নিজ সংবাদ:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ উদ্ধার করা হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১ মে) দূতাবাস সূত্রে জানা যায়, ফ্লোরিডা পুলিশ বৃষ্টির ভাইকে ফোন করে নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি তারই। পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এ লক্ষ্যে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।

এ ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ ২ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে তার মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি University of South Florida-এ পিএইচডি করছিলেন। একই দিন নিখোঁজ হন বৃষ্টিও। পরে ফ্লোরিডার একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে প্রবাসী বাংলাদেশি মহলে শোকের ছায়া নেমে এসেছে।