নিজ সংবাদ:
পার্লামেন্টে আইন পাসের মধ্য দিয়ে ১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় পৌর শ্রমিক দলের মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬-এ মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর-আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজাম ইসলামী পার্টির বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন, তারাই মুক্তিযোদ্ধা। এর মাধ্যমে ঐতিহাসিকভাবে জামায়াতের অবস্থান স্পষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিলটি সংসদে উপস্থাপনের সময় জামায়াতে ইসলামী এর বিরোধিতা করেনি, যা তাদের নীরব সম্মতি হিসেবে বিবেচিত হতে পারে। একইসঙ্গে এনসিপি দল লিখিতভাবে বিলের পক্ষে অবস্থান নিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, সংসদে এই আইন পাস হওয়ার পর বিষয়টি নিয়ে আর কোনো বিতর্ক থাকার কথা নয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।