স্বৈরাচারী সরকার পরিকল্পিতভাবে শিল্পকারখানা বন্ধ করে রেখেছিলো: প্রধানমন্ত্রী

নিজ সংবাদ:

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিগত স্বৈরাচারী সরকার পরিকল্পিতভাবে দেশের শিল্প-কারখানা বন্ধ রেখে দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিলো। তিনি ঘোষণা দিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে চালু করে বেকার শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে আনা হবে। শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ সপ্তাহেই একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে, যেখানে দ্রুততম সময়ের মধ্যে বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাবেক সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শিল্পকারখানা বন্ধ করে অর্থনীতিকে দুর্বল করা হয়েছিল।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন বিনিয়োগ আকর্ষণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে, যাতে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠে কর্মসংস্থানের সুযোগ বাড়ে। রাজধানীতে হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, শুধু উচ্ছেদ নয়, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অগ্রগতিও তুলে ধরেন তিনি। কৃষকদের ঋণ মওকুফ, নারী ও শ্রমিক পরিবারের জন্য বিশেষ সহায়তা এবং সেচব্যবস্থা উন্নয়নের উদ্যোগের কথা উল্লেখ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।