চিকিৎসার জন্য ৯ মে যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজ সংবাদ:

চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটিই হবে রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর।

জানা গেছে, চিকিৎসা শেষে তিনি আগামী ১৭ মে দেশে ফিরবেন। ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির সঙ্গে সফরে থাকবেন তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা, ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করা হবে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। সেই ধারাবাহিকতায় নিয়মিত ফলোআপের অংশ হিসেবেই এ সফর নির্ধারিত হয়েছে বলে জানা যায়।

এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেছিলেন, ড. ইউনূসের শাসনামলে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। তিনি বলেন, সিঙ্গাপুর ও লন্ডনে তার নির্ধারিত চিকিৎসা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। প্রয়োজনে বিদেশি চিকিৎসক আনার পরামর্শ দেওয়া হলেও তাকে দেশের বাইরে যেতে বাধা দেওয়া হয়।

রাষ্ট্রপতির অভিযোগ, সে সময় তাকে কার্যত বঙ্গভবনে সীমাবদ্ধ রাখা হয়েছিল এবং জাতীয় ঈদগাহে ঈদের নামাজেও অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, যা দীর্ঘদিনের রেওয়াজের পরিপন্থী।

এই সফরের মাধ্যমে রাষ্ট্রপতির নিয়মিত চিকিৎসা প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।