নিজ সংবাদ:
চলমান জ্বালানি সংকটের মধ্যে সোমবার (৯ মার্চ ২০২৬) বিকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে দুই লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে দুটি জাহাজ। সিঙ্গাপুর থেকে আমদানি করা এসব ডিজেলবাহী জাহাজ বন্দরের ডলফিন জেটিতে ভিড়বে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি করা এই ডিজেল বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ওই দিন রাত থেকেই খালাস শুরু হবে। প্রতিটি জাহাজে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন করে মোট দুই লাখ ৬০ হাজার টন ডিজেল রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ইতোমধ্যে ফার্নেস অয়েল, এলএনজি ও এলপিজি বোঝাই জাহাজ বন্দরে ভিড়েছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ও পাল্টা যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এই প্রণালি দিয়ে পরিবহন হয়। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড সূত্র জানিয়েছে, এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে তাদের জন্য নির্ধারিত মাদার ভেসেল ‘এমটি নর্ডিক পলাঙ’ সৌদি আরবের রাস তানুয়া বন্দরে আটকা পড়েছে। ২ মার্চ চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজটি এখনও নোঙর করে আছে।
তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশা করছেন, আগামী ২১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী ধান্না বন্দর থেকে আরেকটি জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। এটি হরমুজ প্রণালির বিকল্প নৌপথ ব্যবহার করবে।