নিজ সংবাদ:
রাজধানীর চানখাঁরপুল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করে পুলিশ।
আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, “ওটা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিল। এটা তো নিষিদ্ধ, এ জন্য নিয়ে আসা হয়েছে।” অভিযোগের বিষয়ে তিনি বলেন, “অভিযোগ দিচ্ছে বলেই তো নিয়ে আসা হয়েছে।”
পরবর্তী পদক্ষেপ নিয়ে ওসি বলেন, “এত তাড়াতাড়ি সিদ্ধান্ত জানতে চান? এটা আমাদের সিদ্ধান্তের বিষয় আছে। নিয়ে আসছি, স্যারের সাথে আলোচনা করি, তারপর বলতে পারব।” বিকেল পৌনে ৫টা পর্যন্ত ওই শিক্ষার্থী থানাতেই আটক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মার্চ উপলক্ষে চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছিলেন আটক ওই শিক্ষার্থী। ভাষণের বিখ্যাত অংশ “এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” বাজার সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। তাদের সঙ্গে কিছুক্ষণ কথা-কাটাকাটির পর পুলিশ তাকে অটোরিকশায় তুলে থানায় নিয়ে যায়।
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দুই সপ্তাহ পর ২৬ মার্চ এলেও সেই ভাষণেই ছিল স্বাধীনতার দিকনির্দেশনা।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ৭ মার্চ ঘটা করে পালন করা হতো। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।