শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

মঙ্গলবার, সেপ্টে ১৫, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। মঙ্গলবার হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি।

টেলরের ওয়ানডে ক্যারিয়ারের স্থায়িত্ব দাঁড়িয়েছে ২২ বছর ৪ মাসে। এতদিন রেকর্ডটি ছিল শচীনের দখলে। ২০১২ সালে ওয়ানডে থেকে অবসর নেওয়ার সময় শচীনের ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ২২ বছর ৩ মাস। নতুন রেকর্ড গড়ে এক মাসের ব্যবধানে শচীনকে ছাড়িয়ে গেলেন টেলর।

তবে ওয়ানডেতে সর্বোচ্চ রান ও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখনো শচীনের দখলে। ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান নিয়ে তিনিই এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক।

৪০ বছর বয়সী টেলর ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে নিজের সামর্থ্যের জানান দেন। এরপর দেশের অন্যতম সফল ব্যাটারে পরিণত হন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে নামার আগে ২০৭ ওয়ানডেতে তার সংগ্রহ ছিল ১১টি সেঞ্চুরি, যা জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ।

টেলরের ক্যারিয়ারে অবশ্য নাটকীয় বিরতিও এসেছে। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০২২ সালে আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপবিরোধী বিধি ভঙ্গের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান তিনি।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৫ সালে অবসর ভেঙে আবার ক্রিকেটে ফেরেন টেলর। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জিম্বাবুয়ে। সেই বিশ্বকাপকে সামনে রেখেই জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই ক্রিকেটার।