নিজ সংবাদ:
সরকারকে প্রশ্ন করার কারণে কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে কি না, সেই অভিযোগ ব্যক্তিগতভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ তুলে এক সাংবাদিক জানান, একজন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলেও সংশ্লিষ্ট সাংবাদিক ও তার প্রতিষ্ঠানকে এর কারণ জানানো হয়নি। সরকারকে প্রশ্ন করার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
জবাবে তথ্য উপদেষ্টা বলেন, শুধু প্রশ্ন করার কারণে বর্তমান সরকার কোনো পদক্ষেপ নেবে বলে তিনি মনে করেন না। সাংবাদিকরা প্রতিদিন তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন উল্লেখ করে তিনি বলেন, প্রশ্ন করাই যদি কার্ড বাতিলের কারণ হতো, তাহলে সবার কার্ডই বাতিল হয়ে যাওয়ার কথা।
সংশ্লিষ্ট প্রতিবেদনটি তার নজরে এসেছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, কেন ওই সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং এর পেছনে কী ঘটেছিল, তা তিনি খোঁজ নেবেন। বিষয়টি ব্যক্তিগতভাবেও খতিয়ে দেখার কথা জানান তিনি।
সরকার সমালোচনা ও প্রশ্নের ক্ষেত্রে সহনশীল—এমন দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিয়েও বিপুল পরিমাণ অপতথ্য ছড়ানো হচ্ছে। তবে এর প্রতিক্রিয়া হিসেবে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার সংকুচিত করা হয়নি।
তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে প্রশ্ন করার সুযোগ থাকা গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।
