জেদ্দা- মক্কা- তায়েফে জরুরি সতর্কতা

নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

মঙ্গলবার, সেপ্টে ১৫, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের জেদ্দা, মক্কা ও তায়েফে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কতা জানানো হয়। একই সঙ্গে সৌদি সিভিল ডিফেন্স সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।

তবে কী ধরনের সম্ভাব্য বিপদের কারণে এ সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পাশাপাশি দ্রুত বাড়ির ভেতরে বা জানালা থেকে দূরে নিরাপদ কোনো কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত কোনো ভবনের ভেতরে প্রবেশ অথবা শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গাড়ি চালকদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামাতে বলা হয়েছে। একই সঙ্গে ভিড় এড়িয়ে চলা এবং শুধু সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতেই নতুন এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষ পরিস্থিতি সম্পর্কে পরবর্তী কোনো নির্দেশনা দিলে তা অনুসরণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। জরুরি পরিস্থিতিতে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত আশ্রয়স্থলে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।