নিজ সংবাদ:
রাজধানীর সুপ্রিম কোর্টের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, ককটেল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হন। তবে কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশের পথে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানান তিনি।
এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ আরও পাঁচজন রয়েছেন।
