মিরপুরে জিয়াউল আহসানের ফ্ল্যাট জব্দ করছে দুদক

বুধবার, জুলা ২৯, ২০২৬

নিজ সংবাদ:

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাট জব্দ এবং সেখানে থাকা মালামালের তালিকা তৈরির কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর ডিওএইচএসের ৩১ নম্বর সড়কের ৫৪১ নম্বর প্লটের এল-৩ নম্বর ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ফ্ল্যাটটি জব্দ করার পাশাপাশি সেখানে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং অন্যান্য মালামালের তালিকা তৈরি করছেন কর্মকর্তারা। অভিযানের অংশ হিসেবে ফ্ল্যাটের ভেতরে থাকা সম্পদের ধরন ও পরিমাণ নথিভুক্ত করা হচ্ছে।

তবে অভিযান এখনও চলমান থাকায় ফ্ল্যাটে কী পরিমাণ সম্পদ বা কী ধরনের মূল্যবান সামগ্রী পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি দুদক।

দুদকের কর্মকর্তারা জানান, অভিযান ও সম্পদের তালিকা তৈরির কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।