মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে মুখ খুললেন রেফারি

বুধবার, জুলা ২৯, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে ব্রিল এম্বোলোর লাল কার্ড দেখানো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচের আলোচিত সেই সিদ্ধান্ত এবং আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে মুখ খুলেছেন ম্যাচের রেফারি জোয়াও পিনেইরো।

মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে পিনেইরো জানান, প্রথমে সুইজারল্যান্ডের এম্বোলোর সঙ্গে লিয়েন্দ্রো পারেদেসের সংঘর্ষকে ফাউল হিসেবে বিবেচনা করে হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, পারেদেস কোনো ফাউল করেননি; বরং এম্বোলো ইচ্ছাকৃতভাবে ফাউলের অভিনয় করেছিলেন। ফলে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়।

তবে ম্যাচের পর ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) জানায়, এম্বোলোকে লাল কার্ড দেখানোর প্রক্রিয়াটি ভুল ছিল। তাদের মতে, ভিএআর পর্যালোচনায় ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়ম কেবল অপরাধী খেলোয়াড় শনাক্ত করতে ব্যবহার করা যায়, অপরাধের ধরন পরিবর্তন বা নতুন করে সিদ্ধান্ত নেওয়ার জন্য নয়।

ম্যাচের ৭২ মিনিটে সুইজারল্যান্ড সমতায় ফেরার পর ওই সিদ্ধান্ত বড় প্রভাব ফেলে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয় পায়।

ম্যাচ চলাকালে মেসির সঙ্গে নিজের কথোপকথন নিয়েও পিনেইরো বলেন, বিষয়টি স্বাভাবিক ছিল। তার ভাষ্য, অধিনায়করা সাধারণত রেফারির সঙ্গে বেশি কথা বলেন এবং নতুন নিয়মেও এমন সংলাপের সুযোগ রয়েছে। মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা জড়িত থাকায় বিষয়টি বেশি আলোচিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পিনেইরোর মতে, শেষ পর্যন্ত দুজনের মধ্যে আলোচনা হয়, ভুল বোঝাবুঝি দূর হয় এবং ম্যাচ স্বাভাবিকভাবেই এগিয়ে যায়।