বিনোদন ডেস্ক:
টালিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলকাতার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ করেছেন হুগলির আরামবাগের বাসিন্দা ও ‘সোনম মুভিজ’-এর কর্ণধার শেখ শাহিদ ইমাম।
শাহিদ ইমামের অভিযোগ, ২০২১ সালে একটি সিনেমা নির্মাণের জন্য তিনি সোহমকে অর্থ দিয়েছিলেন। সে সময় সিনেমাটির নাম ছিল ‘মানিকজোড়’। পরে নাম পরিবর্তন করে ‘পাকা দেখা’ রাখা হয়। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ব্যবসাও করে। কিন্তু নিজের বিনিয়োগের লাভের অংশ চাইলে সোহম তাকে বারবার সময় দিতে থাকেন বলে অভিযোগ শাহিদের।
তিনি আরও দাবি করেন, একপর্যায়ে সাউথ সিটি মলের বেসমেন্টে সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়। পাওনা টাকা চাইলে অর্ঘ্য তাকে প্রাণনাশের হুমকি দেন। অভিযোগকারী আরও বলেন, তখন সোহম বিধায়ক থাকায় তাকে চাপ দিলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল।
শাহিদের দাবি, পরে সোহমের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তিনি টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন। পাশাপাশি ‘পাকা দেখা’ সিনেমার স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়ে গেছে এবং সেই অর্থও সোহম পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ সংক্রান্ত প্রমাণ তার কাছে রয়েছে বলেও দাবি করেন শাহিদ।
এদিকে চলতি বছরের জুনেও সোহমের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি দাবি করেন, ‘সোহম এন্টারটেনমেন্ট’-এ বিনিয়োগের জন্য তিনি অভিনেতাকে ১ কোটি ৫ লাখ রুপি দিয়েছিলেন। ‘লাল সুটকেসটা দেখেছেন?’ সিনেমায় অভিনয়ের আশ্বাস দেওয়া হলেও পরে সিনেমাটি নির্মিত হয়নি বলে অভিযোগ তার।
দুই ঘটনায়ই সোহম চক্রবর্তীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
