এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ চায় জামায়াত

স্থানীয় সরকার নির্বাচন

বুধবার, জুলা ২৯, ২০২৬

নিজ সংবাদ:

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করে দলটির প্রতিনিধি দল এ দাবি জানায়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করা নিষিদ্ধ নয়। জাতীয় নির্বাচনেও তাদের প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। তাহলে স্থানীয় নির্বাচনে তাদের অংশগ্রহণে বাধা দেওয়া হলে সেটি দ্বিচারিতা হবে।

তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করা এবং নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে। তাই ইসির কাছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে আগের অবস্থান বহাল রাখার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে কমিশন আলোচনা করবে বলে আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে জামায়াত। দলটির অভিযোগ, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তার নিয়োগ ভবিষ্যৎ নির্বাচনগুলোকে প্রভাবিত করতে পারে।

বৈঠকে ভিডিওকাণ্ডে দল থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের বিষয়টি নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, পদত্যাগের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তি, নির্বাচন কমিশন ও স্পিকারের এখতিয়ার। তবে দলীয় অবস্থান থেকে জামায়াত ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে এবং গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল নির্বাচনী পরিবেশ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে।