নিজ সংবাদ:
ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। হাজিরা শেষে তিনি জানিয়েছেন, গ্রেপ্তার না হলে আগামী রবি বা সোমবার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।
বুধবার (২৯ জুলাই) শাহবাগ থানার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। লতিফ সিদ্দিকীসহ মামলার অন্য আসামিরা আদালতে হাজিরা দিলেও পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী।
আদালত থেকে বেরিয়ে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে সকালে তাকে জানানো হয়েছে। তিনি বলেন, আত্মগোপনে যাওয়ার অভ্যাস তার নেই। তাই পুলিশ গ্রেপ্তার না করলে নিজেই ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করবেন। এর মধ্যে পুলিশ গ্রেপ্তার করলে পরিস্থিতি ভিন্ন হবে বলেও জানান তিনি।
এদিকে শাহবাগ থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন গঠিত হয়। এর অংশ হিসেবে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি হট্টগোল করে সভাস্থলে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং কয়েকজন অংশগ্রহণকারীকে লাঞ্ছিত করেন। তারা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে।
এ ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন পুলিশের এসআই আমিরুল ইসলাম।
