জিম্বাবুয়ে সফরে টাইগাররা

সোমবার, জুন ২২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

একটি টেস্ট ও সাদা বলের সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (২১ জুন) দুপুরের ফ্লাইটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলামসহ ১৫ সদস্যের একটি বহর ঢাকা ত্যাগ করে।

এই বহরে রয়েছেন এবাদত হোসেন, সাদমান ইসলামসহ টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটার। দলের বাকি সদস্যরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর জিম্বাবুয়ে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

এর আগে বৃহস্পতিবার টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে তিন ক্রিকেটার বাদ পড়েছেন। নতুন করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন রবিউল হক।

আসন্ন সিরিজে বিশ্রামে রাখা হয়েছে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। দলে ফিরেছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে রয়েছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান ও রবিউল হক।