কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

কানাইঘাটে শোকের ছায়া

সোমবার, জুন ২২, ২০২৬

নিজ সংবাদ:

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন—জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। নিহত অপর ব্যক্তি ভারতের নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। আল শাহানিয়া এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রেখেছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে, যাতে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা যায়।

এ ঘটনায় কানাইঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি জানান, নিহতদের মরদেহ দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাতারে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে।