নিজ সংবাদ:
চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া ৮০টি মামলার মধ্যে সাতটির রায় ঘোষণা হয়েছে। এসব মামলায় ৫৯ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, যার মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
রোববার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে এ তথ্য উপস্থাপন করা হয়।
আইনমন্ত্রী জানান, জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ৮০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সাতটি মামলার বিচার শেষে রায় হয়েছে। বাকি ৭৩টি মামলার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, রায় হওয়া মামলাগুলোতে ৫৯ জন আসামিকে দণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড, আর অন্যদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।
চলমান মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে আইনমন্ত্রী জানান, ৭৩টি মামলার মধ্যে ২২টি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং ৫১টি মামলা তদন্তাধীন।
তিনি আরও জানান, এসব মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। এর মধ্যে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ২৮৮ জন পলাতক রয়েছেন। এছাড়া একজন আসামি মারা গেছেন এবং একজন খালাস পেয়েছেন।
