সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ একদিন হবেই

লিকুদ নেতার মন্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

সোমবার, জুন ২২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে ভবিষ্যতে একসময় যুদ্ধে জড়াতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের এই প্রভাবশালী নেতার বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ জুন) একাধিক রেডিও সাক্ষাৎকারে চিকলি দাবি করেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন কট্টর সুন্নি অক্ষ গড়ে উঠছে, যা ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি হতে পারে। তিনি সিরিয়ার বর্তমান সরকারকে ইঙ্গিত করে বলেন, আইএস ও আল-কায়েদার মতাদর্শে বিশ্বাসী কোনো জিহাদি সরকার ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে পারবে না।

ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে চিকলি পাকিস্তান, তুরস্ক ও কাতারকে ঘিরে তৈরি হওয়া নতুন জোটকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার চেয়েও বেশি উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তার দাবি, এই জোট ভবিষ্যতে ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

তিনি বিশেষভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নীতির সমালোচনা করে বলেন, সিরিয়ায় আঙ্কারার প্রভাব ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ। চিকলি দাবি করেন, তুরস্ক ও সিরিয়া ইরানের তুলনায়ও বড় নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে।

সম্প্রতি তুরস্কের পক্ষ থেকেও ইসরায়েলবিরোধী বক্তব্য জোরালো হয়েছে। এরদোয়ান ইসরায়েলকে থামানোকে মানবতার দায়িত্ব বলে মন্তব্য করেছেন।

চিকলি বলেন, ইসরায়েল দীর্ঘ সংঘাতের পর শান্তি চায়। তবে আঞ্চলিক শক্তিগুলোর নীতির কারণে সেই শান্তি টেকসই হবে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তার বক্তব্যে ইসরায়েল-তুরস্ক সম্পর্কের চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।