নিজ সংবাদ:
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মৌখিক পরীক্ষার নম্বর ১০০-তেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী।
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এ পদ্ধতি ভবিষ্যতেও বহাল থাকবে।
তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। সংশোধিত বিধিমালা অনুযায়ী বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার নম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের নতুন কাঠামোয় ভাইভা নেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ বিসিএস হিসেবে অনুষ্ঠিত ৪৮তম ও ৪৯তম বিসিএস পরীক্ষাতেও একই নিয়ম অনুসরণ করা হয়েছে।
তিনি বলেন, আসন্ন ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি কার্যকর থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
