ব্যাটিং বিপর্যয়ে ১৩১ রানেই অলআউট বাংলাদেশ

বুধবার, জুন ১৭, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়-এর নেতৃত্বে নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই ১৩১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তাওহীদ হৃদয়। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলীয় ২৬ রানে তানজিদ তামিম ১০ রান করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর সাইফ হাসান ২০ রান করে আউট হন।

অধিনায়ক হৃদয় ছক্কা মেরে ভালো শুরুর ইঙ্গিত দিলেও মাত্র ৮ রান করে বোল্ড হন। পরে সৌম্য সরকার ১৭, ইমন ১০ এবং শামীম পাটোয়ারী ১ রান করে ফিরলে ৭৮ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

অভিষিক্ত সাকলাইন ১০ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে শেষদিকে রিশাদ হোসেনসহ অন্য ব্যাটাররাও ব্যর্থ হলে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। কোনো ব্যাটারই দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় সহজ ব্যাটিং উইকেটেও মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় টাইগাররা।

এখন ম্যাচে লড়াইয়ে টিকে থাকতে হলে বোলারদের অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে বাংলাদেশকে।