নিজ সংবাদ:
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র-এ মাত্র ২৩ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন চালু থাকার পর আবারও বন্ধ হয়ে গেছে কার্যক্রম। ফলে ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট মেরামত শেষে গত শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টায় উৎপাদন শুরু করে। তবে শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউবে ত্রুটি দেখা দেওয়ায় ইউনিটটি বন্ধ করতে হয়েছে। বন্ধ হওয়ার আগে এ ইউনিট থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল।
২০০৬ সালে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত করতে তিন ইউনিট বিশিষ্ট এই বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়। প্রথমে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট এবং পরে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট যুক্ত হয়। তবে বারবার যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ সক্ষমতায় দীর্ঘমেয়াদে উৎপাদন ধরে রাখতে পারেনি।
বারবার উৎপাদন ব্যাহত হওয়ায় বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।