নিজ সংবাদ:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। রোববার (৩ মে) রাত ৯টার দিকে সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাঁদের শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যরা।
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে বিপুলসংখ্যক প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে। অন্যদিকে জামায়াতে ইসলামী জোট থেকে নির্বাচিত হয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নীসহ নয়জন। একই জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাগপা ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকেও কয়েকজন সদস্য নির্বাচিত হয়েছেন।
৫০টি সংরক্ষিত আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছিল ৫৩টি। বাছাইয়ে চারজন বাদ পড়ায় ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে নির্ধারিত ১২ মে ভোটগ্রহণের আর প্রয়োজন পড়েনি।
তবে একটি আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বৈধ প্রার্থী হলেও গেজেট প্রকাশ না হওয়ায় শপথ নিতে পারেননি। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, আপিল ও মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া শেষ না হওয়ায় গেজেট প্রকাশ বিলম্বিত হচ্ছে।
এদিকে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে রিট করা মনিরা শারমিন হাইকোর্টের রায় না আসা পর্যন্ত গেজেট প্রকাশ না করতে ইসিকে অনুরোধ জানিয়েছেন। ফলে সংশ্লিষ্ট আসন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।