আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মুক্ত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। কৌশলগত এই জলপথে ইরানের আরোপিত অবরোধ ভেঙে জাহাজ চলাচল স্বাভাবিক করাই এই উদ্যোগের লক্ষ্য বলে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নিরপেক্ষ দেশগুলোর অনুরোধে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিয়ে তাদের স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম চালু করার সুযোগ করে দেওয়া হবে। তবে কোন দেশগুলো সহায়তা চেয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোর খাদ্য ও রসদ ফুরিয়ে আসছে। এ অবস্থায় অভিযানে বাধা এলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, ইরানের পক্ষ থেকে এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া এসেছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হবে। তার মতে, এতে আঞ্চলিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা সহায়তা দেবে। বিশ্লেষকদের আশঙ্কা, এ উদ্যোগে উত্তেজনা বাড়লে সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে।