৩০ লাখ কোটি টাকার ঋণ নিয়ে আমাদের পথচলা শুরু: প্রধানমন্ত্রী

নিজ সংবাদ:

ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি ও লুটপাটে দেশ ঋণের ভারে জর্জরিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। রোববার (৩ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল ও বিভাজিত জনপ্রশাসন এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে সরকারকে কাজ শুরু করতে হয়েছে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থার কথাও তুলে ধরেন।

বর্তমান বৈশ্বিক ও যুদ্ধ পরিস্থিতিকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোগান্তি না বাড়িয়ে পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সুষ্ঠু প্রশাসনিক ভূমিকার মাধ্যমে জনরায়ের প্রতিফলন নিশ্চিত করা সম্ভব হয়েছে। জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি পদই গুরুত্বপূর্ণ—তাই যেকোনো স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। শূন্য পদে দ্রুত ও স্বচ্ছ নিয়োগের আশ্বাসও দেন তিনি।

তিনি আরও বলেন, সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কর্মসংস্থান সৃষ্টিতে দেশ-বিদেশে উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি এবং সিন্ডিকেট প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে ডিসিদের মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী।