যুদ্ধ যাদুঘর হবে ইস্ফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত মধ্য ইরানের ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিকে ‘যুদ্ধ জাদুঘর’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হামলার বাস্তব চিত্র ও এর প্রভাব সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান জাফরুল্লাহ কালানতারি জানান, ক্ষতিগ্রস্ত অংশগুলো সংরক্ষণ করে সেগুলোকে জাদুঘরে রূপ দেওয়া হবে। তার ভাষায়, এটি দেশের বৈজ্ঞানিক অবকাঠামোর ওপর হামলার একটি ঐতিহাসিক দলিল হিসেবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ এবং আধুনিক সরঞ্জাম সরবরাহের জন্য পৃথক পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই হামলায় প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মার্চ মাসে ইসফাহানের এই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় অন্তত ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, আবাসিক এলাকা ও অন্যান্য বেসামরিক স্থাপনাও এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে যুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগকে প্রতীকী ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।