নিজ সংবাদ:
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার এক আসামিকে ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করায় দলটির ভেতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ঘোষিত কমিটির আট সদস্যের মধ্যে ছয়জনই পদত্যাগ করেছেন।
শনিবার (৩ মে) রাতে কমিটি ঘোষণার পর সভাপতি মোস্তফা কামাল বাদল ও সাধারণ সম্পাদক এনামুল হক সুজন ছাড়া বাকি ছয় নেতা পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীরা হলেন—সিনিয়র সহসভাপতি গাজী আবদুল কাদের নয়ন, সহসভাপতি মো. সবুজ, যুগ্ম সম্পাদক মো. মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল ও দপ্তর সম্পাদক ডালিম মজুমদার।
দলীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর স্বাক্ষরে আট সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সাধারণ সম্পাদক করা হয় এনামুল হক সুজনকে, যিনি ২০১৭ সালে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামিদের তালিকায় রয়েছেন।
তবে সুজন দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলুও বলেন, সুজন একজন পরীক্ষিত কর্মী এবং তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী জানান, সুজনের বিরুদ্ধে মামলার বিষয়টি আগে জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।