সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিটিভির গুরুত্ব এখন আর নেই: জাহেদ উর রহমান

নিজ সংবাদ:

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের বিকাশে সহায়ক ভূমিকা রাখতে চায়। তিনি মনে করেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির গুরুত্ব এখন তুলনামূলক কম, বরং বেসরকারি গণমাধ্যমগুলো আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে।

রোববার (৩ মে) ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিটিভির বার্ষিক বাজেট ৩০০ কোটির বেশি হলেও আয় মাত্র ১৫ থেকে ১৬ কোটি টাকা, যা প্রতিষ্ঠানটির আর্থিক অকার্যকারিতা নির্দেশ করে। “এটা জনগণের টাকা—তাই বিটিভি আসলে কী দিচ্ছে, তা মূল্যায়ন করা জরুরি,” যোগ করেন তিনি।

তিনি আরও জানান, বিটিভিকে জনকল্যাণমুখীভাবে কাজে লাগাতে সরকার উদ্যোগী হবে। জাতীয় সম্প্রচারমাধ্যম হিসেবে এর বহুমুখী ভূমিকা রাখার সুযোগ রয়েছে। একইসঙ্গে বেতারকেও আধুনিকায়নের পরিকল্পনার কথা জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতা ও শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশে একটি প্রাণবন্ত ও দায়িত্বশীল মিডিয়া পরিবেশ গড়ে উঠুক—এটাই সরকারের প্রত্যাশা। তার মতে, গণতন্ত্রে ভারসাম্য বজায় রাখতে শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য।