ক্ষমতার মোহে বিএনপির সংস্কার থেমে গেছে:আখতার

নিজ সংবাদ:

ক্ষমতার অজুহাতে বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক এই কনভেনশনে আখতার হোসেন বলেন, বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে ভোগ করতে চায়। নির্বাচিত প্রতিনিধিত্বের দায়িত্বকে তারা এখনো ক্ষমতার দৃষ্টিকোণ থেকেই দেখছে, যা গণতান্ত্রিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে—সংস্কারের আড়ালে নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কায় তারা জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন। তবে ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, এটি মূল সিদ্ধান্তের বিরোধিতা নয়; বরং ভিন্নমত লিপিবদ্ধ করার একটি প্রক্রিয়া। তাই এখানে মুখ্য বিষয় হলো রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্ত। গণভোট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জনগণের রায় দেওয়ার পর কোনো দল কোন বিষয়ে রাজি বা নারাজ—তা আর মুখ্য থাকতে পারে না। তিনি প্রশ্ন তুলে বলেন, গণভোটের কোন অংশে বিএনপির আপত্তি ছিল, তা স্পষ্ট করা প্রয়োজন। কারণ, উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামো এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ—এসব বিষয়ে পূর্বে ঐকমত্য হয়েছিল।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ বলেছিল জনসমর্থন পাওয়ার জন্য। কিন্তু নির্বাচনের পর সেই অবস্থান থেকে সরে আসার চেষ্টা করছে। জনগণ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

শেষে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আগামী দিনে আপনারা কী ধরনের আইন আনেন, সেটাই এখন দেখার বিষয়। শুধু আমরা নয়, দেশের সাধারণ মানুষও তা দেখার অপেক্ষায় আছে।”