রাজনীতিতে ফেরার ইঙ্গিত সাকিবের, থাকবেন আওয়ামী লীগেই

নিজ সংবাদ:

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তার খেলোয়াড়ি ক্যারিয়ার এখনও শেষ হয়নি। তবে ক্রিকেট জীবন শেষ করে আবারও রাজনীতির মঞ্চে ফেরার ইচ্ছার কথাও স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, রাজনীতিতে ফিরে এলে তিনি আওয়ামী লীগের হয়েই কাজ করতে চান। দল পরিবর্তনের বিষয়ে তিনি অনাগ্রহ প্রকাশ করে বলেন, “আমি কখনও দল বদলের রাজনীতি করিনি, ভবিষ্যতেও করার ইচ্ছা নেই। আমি যেখানে থেকেছি, সেখানেই অনুগত থেকেছি।”

তিনি আরও বলেন, ছোট কোনো দলে যুক্ত হলেও সেই দলের প্রতি সবসময় বিশ্বস্ত ছিলেন এবং “পল্টি দেওয়ার অভ্যাস” তার নেই। নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, আওয়ামী লীগের প্রতি তার অঙ্গীকার অটুট রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এটি স্থায়ী হবে না বলে মনে করেন সাকিব। তার ভাষায়, “আজ নিষিদ্ধ মানেই চিরদিন নিষিদ্ধ থাকবে—এটা বিশ্বাস করি না। গণতান্ত্রিক দেশে কোনো দলকে স্থায়ীভাবে দমিয়ে রাখা সম্ভব নয়।”

তিনি মনে করেন, একটি বড় রাজনৈতিক শক্তিকে দীর্ঘদিন নিষিদ্ধ করে রাখা দেশের রাজনীতি ও উন্নয়নের জন্য ইতিবাচক নয়। সাময়িকভাবে দমন করা গেলেও এতে স্থায়ী সমাধান আসে না বলেও মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে, ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনার পাশাপাশি দলীয় অবস্থানে অনড় থাকার বার্তাই দিয়েছেন সাকিব আল হাসান।