স্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা শান্তি প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ইরান যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে। দেশটির দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং চলমান সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল। এর জবাবে তেহরান ১৪ দফার পরিকল্পনা তুলে ধরে। এই কূটনৈতিক প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতা করছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি জানান, “চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের জন্য পরিকল্পনা জমা দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের—তারা কূটনীতি বেছে নেবে, নাকি সংঘাত অব্যাহত রাখবে।”

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা প্রত্যাখ্যান করে ৩০ দিনের মধ্যে সমাধানের ওপর জোর দিয়েছে।

ইরানের প্রস্তাবে কয়েকটি কঠোর শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে— ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে জব্দ করা সম্পদ ফেরত দেওয়া।

এছাড়া লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।