আমার জানাযা যারা পড়াবেন না বলছেন, তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

নিজ সংবাদ:

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মন্তব্য করেছেন, তার জানাজা পড়ানো নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার (৩ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, “যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর-আউলিয়া, গাউস-কুতুব দরবেশ আছেন। আমার জানাজা পড়ানোর মানুষের কোনো অভাব হবে না।” তিনি আরও বলেন, “যারা বলে আমার জানাজা পড়াবে না, আল্লাহ তো তাদের আমার আগেই নিয়ে যেতে পারেন।”

নিজের ধর্মীয় অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, রাজনীতি তার পেশা হলেও আধ্যাত্মিক বিশ্বাস আলাদা। তিনি বলেন, “আমি আল্লাহ ও রাসুলে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী। আমি সুফিবাদী ধারার মানুষ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী।”

তিনি আরও মন্তব্য করেন, “আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওহাবি ধারার কারও প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি, যখন আমার লাশ মানুষের সামনে আসবে, তখন জানাজা পড়ানোর মানুষের কোনো ঘাটতি হবে না।”

তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।