নিজ সংবাদ:
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদলকর্মী আশিককে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একইসঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।
মামলা সূত্রে জানা যায়, ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। ওই সময় তাদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিক। হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
পরে ২৮ সেপ্টেম্বর আশিক নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ১২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শ’ জনকে আসামি করা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শীর্ষ নেতাদের নির্দেশনা ও পরিকল্পনায় সারাদেশে চলমান আন্দোলন দমন করতে সহিংস কর্মকাণ্ড চালানো হয়েছিল।