যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে নির্বিচার বিমান হামলা চালিয়েছে। এতে একদিনেই অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। শনিবার (২ মে) হাব্বুশ এলাকায় এই হামলা চালানো হয়। হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী।

লেবানন-এর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই মাসে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৫৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা জোরদার করেছে। শনিবার থেকে শুরু হওয়া অভিযানে আত্মঘাতী ড্রোন ও কামান ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, চলমান সংঘাত বন্ধে ইরান ১৪ দফা শান্তি প্রস্তাব দিয়েছে। এতে লেবাননসহ সব রণাঙ্গনে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।