ইরানের সঙ্গে চুক্তি হলে তা যুক্তরাষ্ট্রের পক্ষেই হতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি হলে তা অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থে হতে হবে। তিনি সতর্ক করে দেন, যেকোনো চুক্তি ইরানের জন্য সুবিধাজনক হবে না, বরং তাদের জন্য ক্ষতিকর হতে পারে।

শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘ক্লাব ফ্লোরিডা ফোরাম’-এ বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানান, ইরানের বিভিন্ন পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসছে। তবে যুক্তরাষ্ট্র এখন যাচাই করছে, কার সঙ্গে আলোচনা করা সবচেয়ে কার্যকর হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ইরানে কঠোর অবস্থানের নেতাদের সঙ্গে কাজ করতে হচ্ছে এবং যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্বে বিভক্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের কিছু নেতা নিহত হয়েছে—যদিও এ বিষয়ে তিনি কোনো প্রমাণ দেননি।

এর আগে ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও এখনো স্থায়ী সমঝোতা হয়নি। সাম্প্রতিক সময়ে পাকিস্তান-এর মাধ্যমে পাঠানো ইরানের সংশোধিত প্রস্তাবও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের মধ্যে স্থায়ী চুক্তি হওয়া এখনো অনিশ্চিত।